রংপুরের বদরগঞ্জে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুর ও বিকালে বদরগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে এসব সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের দায়িত্বপ্রাপ্ত বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা। সভায় জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার এবং জেলা বিএনপির সদস্য ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কাজী খয়রাত হোসেনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, দীর্ঘ ১৭ বছর জেল-জুলুম, গুম-খুনের মাধ্যমে মানুষের অধিকার হরণ করা হয়েছিল। অধিকারবঞ্চিত মানুষ জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সক্ষম হয়েছে। তিনি বলেন, বদরগঞ্জের বিএনপি নেতাদের ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে।
তিনি আরও বলেন, দলের অভ্যন্তরের সব ভেদাভেদ ভুলে ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক ভিত শক্তিশালী করতে হবে এবং স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিতে হবে। তিনি বদরগঞ্জের বিভিন্ন উন্নয়ন প্রসঙ্গে বলেন, তিন মাসের মধ্যে মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বাইপাস সড়ক, ফুটওভার ব্রিজ ও শ্যামপুর সুগার মিল চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হবে। গুরুতর অসুস্থ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শাহানের চিকিৎসার ব্যবস্থা করার কথাও জানান তিনি।